১৯ বছর আগে এক ফটোশুটে যে শিশুকে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি, সেই লামিনে ইয়ামালের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ব্লকবাস্টার ফাইনালে একমেবাদ্বিতীয়ম মেসি ও তরুণ তুর্কি ইয়ামালের এই লড়াই ফুটবল প্রেমীদের জন্য এক বড় রোমাঞ্চের বিষয়। বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক শিরোপার লড়াই।
আর্জেন্টিনা ও স্পেন দুই দলই ফাইনালে এসেছে দারুণ দাপটে। গত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ডালাসে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।
ফুটবলীয় রূপকথার মতো এই দুই তারকার প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার ন্যুক্যাম্পে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে। তখন ২০ বছরের উঠতি তারকা মেসির বাথটাবে গোসল করিয়ে দেওয়া ছয় মাসের শিশু ইয়ামালের সেই ছবিটি দুই বছর আগে ভাইরাল হয়েছিল। নিয়তির অদ্ভুত খেয়ালে সেই ইয়ামাল এখন বার্সেলোনায় মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরে খেলছেন।
বিশ্বকাপ শুরুর আগে নিজের আদর্শ মেসির মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন ইয়ামাল। তিনি বলেছিলেন, সেই ফটোশুটের পর তারা দুজনই পরিণত হয়েছেন এবং আশা করেছিলেন বিশ্বকাপ ফাইনালে তাদের দেখা হবে। এবার সেই স্বপ্নপূরণ হয়েছে। এবারের আসরে আট গোল ও চার অ্যাসিস্ট করা মেসি শিরোপার জন্য লড়বেন, তবে ইয়ামালও নিজের হিরোকে একচুল ছাড় দিতে নারাজ। স্প্যানিশ ফুটবলে মেসির বিশাল অবদান থাকলেও ফাইনালে জাতীয় দলের হয়ে শিরোপা জয়ই এখন তাদের মূল লক্ষ্য।
দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের প্রথম ফাইনালে রোমাঞ্চের রসদের কোনো কমতি নেই। স্পেনের সাবেক উপনিবেশ আর্জেন্টিনার মানুষ কথা বলেন স্প্যানিশ ভাষায়। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে উরুগুয়ে-আর্জেন্টিনা ফাইনালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্প্যানিশ ভাষায় কথা বলা দেশ। বিশ্বকাপ শুরুর আগে র্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দলও এই প্রথম মুখোমুখি হচ্ছে ফাইনালে।

