লিওনেল মেসির সময়টা এখন একেবারেই ভালো যাচ্ছে না। মাঠে তার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করার মতো বিরল ও হতাশাজনক ঘটনা ঘটেছে। এই পেনাল্টি মিসের বড় খেসারত দিতে হয়েছে তার দল ইন্টার মিয়ামিকে। শনিবার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে বড় ব্যবধানে হেরেছে মিয়ামি। এই হারের মাধ্যমে দলটি টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল।
ম্যাচের ২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর দারুণ সুযোগ ছিল ইন্টার মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে নেওয়া মেসির শটটি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বল তার ডান দিকে নিচ দিয়ে যাওয়ার সময় তিনি তা আটকে দেন। যদিও ফিরতি সুযোগে গোল করেছিলেন সের্হিও রেগিলন, কিন্তু ভিডিও পর্যালোচনায় দেখা যায় মেসির পেনাল্টির সময় তিনি বক্সে ঢুকে পড়েছিলেন, যার ফলে সেই গোলটি বাতিল করা হয়।
মেসি এই নিয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন। এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং শেষ ষোলোয় মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি। এমএলএসে প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরের পর এই প্রথম মেসি পেনাল্টি মিস করলেন।
জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তেলাস্কো সেগোভিয়া মেসির পাস থেকে গোল করে সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্থের ন্যাশভিলের দাপটে মিয়ামি আর ঘুরে দাঁড়াতে পারেনি। এমএলএসের সাবেক সেরা খেলোয়াড় হানি মুখতার দুটি গোল করেন এবং স্ট্রাইকার স্যাম সারিজ একটি ব্যাকহিল গোল করেন। খেলার এক পর্যায়ে হতাশ মেসি সারিজের তৃতীয় গোলের আগে ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির কাছে আপত্তি জানালে তাকে হলুদ কার্ড দেখতে হয়।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়েও ভাগ্য সহায় ছিল না মেসির। তার একটি শট দুই পোস্টে লেগে ফেরত আসে এবং পরে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের চতুর্থ গোলে মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর ভুলে ন্যাশভিলের গোলরক্ষক শোয়েকের লম্বা কিক থেকে মুখতার গোল করেন।
লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মিয়ামি। ন্যাশভিলকে টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও এই হারে ন্যাশভিল এখন বাকি ১৫ ম্যাচে পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল। এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বের আগেই বাদ পড়েছিল মিয়ামি, তবে সেই ম্যাচগুলোতে মেসি বা লুইস সুয়ারেজ কেউই একাদশে ছিলেন না।

