তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরাজয়ের পর নিজের হতাশা গোপন করেননি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-এর সঙ্গে আলাপকালে তিনি দলের প্রথমার্ধের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন। এমবাপ্পে বলেন, ম্যাচটি দুটি ভিন্ন অর্ধে বিভক্ত ছিল। প্রথমার্ধের পারফরম্যান্স দেখে কেউ যদি বলে আমরা জার্সির মর্যাদা রাখতে পারিনি, তবে সেটি আমার বোধগম্য। আমরা তখন মানসিকভাবে হতবাক হয়ে গিয়েছিলাম এবং প্রতিপক্ষ আমাদের সেই ঘোর থেকে জাগিয়ে তুলেছে।
এমবাপ্পে জানান, দ্বিতীয়ার্ধে তারা আবার শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পেরেছিলেন। সব আবেগ দূরে সরিয়ে তারা মানসিকভাবে শক্ত হয়ে লড়াই করেছেন। দ্বিতীয়ার্ধটি তারা জিতলেও শেষ পর্যন্ত পুরো ম্যাচটি নিজেদের করে নিতে পারেননি।
ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই তারকা ফুটবলার বলেন, এই হারটি কোচের জন্য সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। আমরা তার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু প্রথমার্ধের খেলা দেখে মনে হতে পারে আমরা তাকে হতাশ করেছি। তবে বাস্তবে তা নয়। ফুটবলে এমনটা ঘটে থাকে। দেশম আমাদের জন্য যা করেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। একটি ম্যাচ তার কিংবদন্তি মর্যাদাকে কখনো ম্লান করতে পারবে না।
বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড ও ফাইনালের সম্ভাবনা নিয়ে এমবাপ্পে বলেন, ফাইনালে মেসি অবশ্যই গোল করবেন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি কেবল আমার দলকে জেতাতে চেয়েছিলাম। বিশ্বকাপে অনেক গোল করলে ব্যক্তিগত উন্নতি হয়, তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি বরং আগামীকাল ফাইনাল ম্যাচটি খেলতে চাইতাম। এটি আমার উত্তরাধিকারের জন্য ভালো হলেও এই মুহূর্তে সেটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

