মেসির সঙ্গে কী কথা হয়েছিল ইয়ামালের, জানালেন স্প্যানিশ তারকা

গত ১৯ জুলাই নিউজার্সির স্টেডিয়ামে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। একদিকে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের সামনে ছিল ক্যারিয়ারের প্রথম বড় সাফল্যের হাতছানি। সেই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে স্পেন। ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসির সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ইয়ামালকে।

ম্যাচ পরবর্তী সেই আলিঙ্গনের সময় দুই তারকার মধ্যে কী কথা হয়েছিল, তা নিয়ে দীর্ঘ দুই মাস ধরে ভক্তদের মনে কৌতূহল ছিল। অবশেষে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ানকে' দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল সেই রহস্য উন্মোচন করেছেন। তিনি জানান, সেই মুহূর্তে তিনি মেসিকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন। ইয়ামাল বলেন, 'ফুটবলের জন্য আপনি (মেসি) যা কিছু করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।'

মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়ে ইয়ামাল আরও বলেন, 'বিশ্বকাপ জেতার আগে, কোপা আমেরিকা জেতার আগে, এমনকি যখন পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছিল না তখনও আমি সবসময় মনে করতাম যে তিনিই সেরা। নিঃসন্দেহে তিনিই সেরা ছিলেন।'

ফাইনালের মঞ্চে মেসির সঙ্গে সেই আলিঙ্গনের মুহূর্তটি কোনো পূর্বপরিকল্পিত ছিল না বলে দাবি করেন ইয়ামাল। তিনি বলেন, 'ফুটবলে যেটাকে সুন্দর বলে মনে করা হয় কিংবা ছবিতে যেসব মুহূর্ত দেখতে ভালো লাগে- সব সময় সেসব থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। এটা আমার ভেতর থেকেই এসেছিল। আমি তাকে (মেসি) সেখানে দেখলাম। ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাতে গেলাম। ব্যাপারটা একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল।'

উল্লেখ্য যে, ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা শিরোপাও জিতেছেন। অন্যদিকে, ১৯ বছর বয়সেই ইউরো, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে ইয়ামাল নিজেকে ভবিষ্যতের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।