যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তরুণ কাভান সুলিভান

দারুণ ফর্মে থাকা ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ সদস্য কাভান সুলিভান এখন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন। মাত্র ১৬ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালো হয়েছে।

ফিফা উইন্ডোর আসন্ন সূচিতে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য এসব ম্যাচের জন্য কোচ মরিসিও পচেত্তিনো দল ঘোষণা করবেন। ইএসপিএনের প্রতিনিধি জেফ কার্লাইলের তথ্যমতে, পচেত্তিনোর পরিকল্পনায় সুলিভানের থাকার সম্ভাবনা রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করা সুলিভানকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় তারকা হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের পর মেজর লিগ সকার পুনরায় শুরু হলে তার পারফরম্যান্স ছিল অত্যন্ত নজরকাড়া। যদিও সেপ্টেম্বরের শুরুতে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যে, এবারের বিশ্বকাপে সুযোগ পেলে তিনি মার্কিন দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন।

সুলিভানের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোচ পচেত্তিনো বলেছিলেন, “আমরা সবকিছুর ওপরই নজর রাখছি। আমরা সাহসী ও আত্মবিশ্বাসী প্রতিভাবান খেলোয়াড় চাই। তবে মাঠে কিছু অর্জন করার আগে এমন মন্তব্য করা ঠিক নয়। কেবল লিওনেল মেসির মতো খেলোয়াড়ই হয়তো কিছুটা ঔদ্ধত্য দেখানোর অধিকার রাখেন।”

আসন্ন আন্তর্জাতিক সূচিতে মাঠে নামলে সুলিভান যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন। এই তালিকায় তালিকার শীর্ষে থাকা ফ্রেডি আদু ২০০৬ সালে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের সময় সুলিভানের চেয়েও কয়েক মাস কম বয়সী ছিলেন। তবে আদুর একটি রেকর্ড সুলিভান আগেই ভেঙেছেন; ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের মাধ্যমে তিনি উত্তর আমেরিকার প্রধান পেশাদার ক্রীড়া লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন সুলিভান। সেই চুক্তিতে ১৮ বছর বয়সে পৌঁছানোর পর তার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার একটি সুযোগও রাখা হয়েছে।