বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই ফরম্যাটে আর নেতৃত্ব দিতে চান না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ই-মেইলের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাপান থেকে পাঠানো এই ই-মেইলে জ্যোতি মূলত নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ের ওপর বাড়তি মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে তিনি জানান, জ্যোতির পাঠানো ই-মেইলটি এখনো তিনি নিজে দেখেননি। রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমি এখনো মেইল দেখিনি। আমাদের উইমেন্সের ম্যানেজার জানালো, ওর মেইলে এমন কিছু আছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না। আমাকে দেখতে হবে।’
২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে যাবেন। ২০২২ সাল থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যোতি। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৮০টিতেই ছিলেন অধিনায়ক। অধিনায়ক হিসেবে ৮০ ম্যাচে ১৩টি ফিফটিসহ তিনি ১ হাজার ৮৫১ রান করেছেন। তার পুরো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট রান ২ হাজার ৭০৯ এবং একটি সেঞ্চুরিও রয়েছে।
জ্যোতির অধিনায়কত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ, যা বিশ্বকাপে টাইগ্রেসদের প্রথম জয়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে এবং অধিনায়ক হিসেবে সময়টা খুব একটা ভালো কাটছে না তার। সর্বশেষ এশিয়া কাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের হয়ে চার ম্যাচে তিনি সংগ্রহ করেছিলেন মাত্র ৫৬ রান। এছাড়া দলে সিন্ডিকেট তৈরি এবং অন্যান্য ক্রিকেটারদের হয়রানির মতো বিভিন্ন অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। এশিয়ান গেমসের পর নারী দলের পারফরম্যান্স ও জ্যোতির নেতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানিয়েছিল বিসিবি। জ্যোতি অধিনায়কত্ব ছাড়লে নাহিদা আক্তার নতুন দায়িত্ব পেতে পারেন এবং সোবহানা মোস্তারি সহঅধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন।

