জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নরসিংদী জেলা শাখার জয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর খিলক্ষেত লেক সিটির এ অ্যান্ড এএমএস গ্রাউন্ডে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নোয়াখালী শহর শাখা ও নরসিংদী জেলা শাখা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নোয়াখালী শহর শাখাকে পরাজিত করে নরসিংদী জেলা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ জুন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশের ১৩৮টি শাখা অংশগ্রহণ করে। সেমিফাইনালে দিনাজপুর শহর শাখার বিপক্ষে নোয়াখালী শহর শাখা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিপক্ষে নরসিংদী জেলা শাখা জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রশিবিরের গৃহীত মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করাই ছিল এসব কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই সাথে ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন।

কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের অন্যান্য নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা নগদ অর্থসহ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।