ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ২১ অধিনায়কের চিঠি

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি চিঠি লিখেছেন। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান খান। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি নিভৃত কুঠুরিতে বন্দি জীবন কাটাচ্ছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলায় ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ এবং কারাগারের নীরবতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

সাবেক অধিনায়করা তাদের চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেছেন। আদালতের নির্দেশ ছিল, একটি স্বাধীন মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, যে বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খান থাকবেন। এছাড়া তাকে সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ দেওয়ারও নির্দেশ ছিল। চিঠিতে তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ডকে স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা জরুরি। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়াই সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিক্যাল বোর্ড যে চিকিৎসা সুপারিশ করবে, তা দ্রুত কার্যকর করতে হবে।

গত ছয় মাসের মধ্যে এটি সাবেক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে ফেব্রুয়ারি মাসে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এবারের চিঠিতে তারা স্পষ্ট করেছেন যে, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আবেদন। একই সঙ্গে তারা এটাও পরিষ্কার করেছেন যে, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের উদ্দেশ্য নয়।