কাউন্টিতে স্বরূপে ফিরলেন হাসান মাহমুদ, নিলেন ৪ উইকেট

অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরানো বোলিংয়ের রেশ কাটতে না কাটতেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের চেনা রূপে ফিরলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ৪২তম ম্যাচে কেন্টের হয়ে উস্টারশায়ারের মুখোমুখি হন তিনি। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কেন্ট তাদের প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়। এই ইনিংসে ব্যাট হাতে ৪ রানে অপরাজিত ছিলেন হাসান।

এরপর বল হাতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন হাসান। উস্টারশায়ারের প্রথম ইনিংসের ষষ্ঠ ও নিজের করা তৃতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। ওই ওভারে তিনি সাজঘরে ফেরান জ্যাক লিব্বিকে ১৮ রানে এবং রেহান এডাভালথকে।

ম্যাচের দ্বিতীয় দিনেও হাসানের বোলিং তোপ অব্যাহত ছিল। এদিন তিনি উস্টারশায়ারের ব্যাটার ম্যাথু ওয়েটকে ১৫ রানে এবং এডাম ফিঞ্চকে ৭ রানে আউট করেন। সব মিলিয়ে ১৮ ওভার বল করে ৬৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তার এই বোলিং নৈপুণ্যে উস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়। উল্লেখ্য, গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি পেসার।