আচরণবিধি ভেঙে আইসিসির শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) খেলোয়াড় ও সহযোগী স্টাফদের আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করার অপরাধে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি পাকিস্তানি এই অধিনায়কের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

গত ২৪ মাসের মধ্যে এটি ফাতিমা সানার দ্বিতীয় অপরাধ। এর ফলে এই দুই বছরের সময়সীমার মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। এর আগে, ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন নিজের প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এই পাকিস্তানি অধিনায়ক।

সর্বশেষ এই ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। ভারতীয় ওপেনার শেফালি বর্মাকে আউট করার পর তাকে প্যাভিলিয়নের দিকে ইশারা বা অশোভন অঙ্গভঙ্গি করে বিদায় জানান ফাতিমা। মাঠের দুই আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান যৌথভাবে তার বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

ম্যাচ শেষে ফাতিমা সানা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি তিনি মেনে নেওয়ায় এই ঘটনার জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ফাতিমা আইসিসির খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের আচরণবিধির ২ দশমিক ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়।