কনকাকাফ লিগে চুল ধরে টানার অপরাধে দুই লাল কার্ড

ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা হলেও কনকাকাফ নেশনস লিগের ম্যাচে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। প্রতিপক্ষ ফুটবলারের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার অপরাধে লাল কার্ড দেখেছেন অ্যান্টিগা ও বারবুডার দুই খেলোয়াড়।

ঘটনার কেন্দ্রে ছিলেন অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিও। তার চুল গোড়ালি ছাপিয়ে নিচে নেমে আসা লম্বা ড্রেডলক। চুলগুলো এতটাই দীর্ঘ যে মাঠে নামার সময় তাকে কোমরের চারপাশে একটি ব্যান্ড পরতে হয়, যাতে সেগুলো শরীরের সঙ্গে বেঁধে রাখা যায়।

ম্যাচের ৬৯ মিনিটে যখন অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে, তখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন স্কিপিও। মাঠে নামার মাত্র তিন মিনিট পরই তার লম্বা চুল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। স্কিপিওর চুলে টান দেওয়ার অপরাধে অ্যান্টিগা ও বারবুডার কিওন গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

তবে এখানেই ঘটনার সমাপ্তি ঘটেনি। ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরেন অ্যান্টিগা ও বারবুডার শালন নাইট। এবার এত জোরে টান দেওয়া হয় যে স্কিপিও মাটিতে পড়ে যান। ফলে নাইটকেও সরাসরি লাল কার্ড দেখতে হয়। এই ঘটনায় ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় অ্যান্টিগা ও বারবুডাকে। যদিও স্কিপিওর চুল নিয়ে মাঠে এমন নাটকীয়তা চললেও শেষ পর্যন্ত অ্যাঙ্গুইলার ভাগ্যে পরিবর্তন আসেনি, তারা ৫-০ গোলের ব্যবধানে ম্যাচটি হেরেছে।