সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ: বৃষ্টির চোখরাঙানি এখনো বড় শঙ্কা

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কোনো ম্যাচেই টস করার সুযোগ পাননি ম্যাচ কর্মকর্তারা। তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার সেমিফাইনালের দুটি ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা।

একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে সেমিফাইনাল মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে নাগোয়ার আবহাওয়া কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। বৃহস্পতিবার সকালে আকাশে রোদ দেখা গেছে এবং বাংলাদেশ ক্রিকেট দল করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনের সুযোগ পেয়েছে। যদিও মাঠটি এখনো পুরোপুরি শুকায়নি। জাপানে আসার পর প্রথমবারের মতো রোদের দেখা পাওয়ায় বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি আশাবাদী। তিনি বলেন, জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এমন থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।

বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ না পেলেও মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। রাব্বি জানান, প্র্যাকটিস সেভাবে না হলেও নেট সেশন ও ফুটবল খেলার মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত রেখেছেন। তবে বৃষ্টির কারণে সেমিফাইনাল বা সুপার ওভার শেষ না হলে শীর্ষ বাছাইয়ে থাকা দল ফাইনালে উঠবে। এই নিয়মে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এগিয়ে আছে। এমনকি ফাইনাল ম্যাচটিও যদি বৃষ্টিতে পণ্ড হয়, তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলই স্বর্ণপদক জয় করবে। ফলে সব ম্যাচ পণ্ড হলে ভারত চ্যাম্পিয়ন হবে।

অন্যদিকে, সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।