তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশা ছিল যুবাদের। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ আর পায়নি বাংলাদেশ, ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখেছিল উজবেকিস্তান। তবে বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরীর দৃঢ়তায় বেশ কিছুক্ষণ গোলবঞ্চিত ছিল স্বাগতিকরা। অবশেষে ২০তম মিনিটে ডেডলক ভাঙে উজবেকিস্তান। আসিলবেকের শট বাংলাদেশের রক্ষণে বাধা পেয়ে সাইদালিয়েভের সামনে পড়ে, যা থেকে তিনি গোল করে দলকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের ম্যাচে ফেরার আশা বড় ধাক্কা খায়। বিরতির পর মাত্র এক মিনিট পার হতেই ৪৬তম মিনিটে সাইদালিয়েভের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন কুভোনচবেক। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ গোল শোধ করার জন্য বেশ কিছু চেষ্টা চালিয়েছে, কিন্তু উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন যুবারা। ৭৫তম মিনিটে দিলশোধবেকভের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে তৃতীয় গোল খাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ।
বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উল্লেখ্য, সিরিয়া তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে।

