ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, ইংলিশ শিবিরে তীব্র সমালোচনা

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই সাফল্যে যখন উৎসবের আমেজ, বিপরীতে ইংল্যান্ডের ড্রেসিংরুমে নেমে এসেছে গভীর হতাশা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ‘থ্রি লায়ন্স’দের পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে তীব্র সমালোচনা ও আক্ষেপ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানিয়েছে, ইংল্যান্ডের এই বিদায়ে দেশটির ফুটবল অঙ্গনে হতাশার রেশ কাটছে না। সাবেক ইংলিশ ফুটবলার ও রেডিও উপস্থাপক জেসন ক্যান্ডি সরাসরি জানিয়েছেন, ম্যাচে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, ফলাফল নিয়ে কোনো দ্বিমত নেই। পুরো ৯০ মিনিট আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে। তিনি আরও মন্তব্য করেন, যে ভঙ্গিতে ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, তা তাদের কাপুরুষতারই প্রমাণ দেয়।

বিশেষ করে ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে সমালোচনার ঝড় বইছে। ম্যাচে লিড পাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পড়া এবং পাঁচ ডিফেন্ডার নামানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জেমি ও’হারা। তিনি একে ‘পুরানো আবর্জনা মার্কা খেলা’ বলে অভিহিত করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিলও এই হারের দায়ভার দলের মানসিকতার ওপর চাপিয়েছেন। তিনি বলেন, গোল করার পর থেকেই ইংল্যান্ড রক্ষণাত্মক হয়ে পড়েছিল এবং নিজেদের গুটিয়ে নিয়েছিল। অতীতেও ইংল্যান্ডকে এমন একই ভুল করতে বারবার দেখা গেছে।

ইংল্যান্ডের ব্যর্থতার পাশাপাশি আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন অনেকে। এনজো ফার্নান্দেজের গোল এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডের মাধ্যমে মাত্র সাত মিনিটের ব্যবধানে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা।