স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তাল সংসদ, উদ্বেগ প্রকাশ স্পিকারের

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের সদস্যদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এই উত্তেজনার জেরে প্রায় ১০ মিনিট সংসদ কার্যত অচল হয়ে পড়েছিল।

ঘটনার সূত্রপাত হয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি সম্পূরক প্রশ্ন থেকে। তিনি ছিনতাই, সংসদ সদস্যদের ওপর হামলা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।’ এর আগে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে না পেরে স্বরাষ্ট্রমন্ত্রী এক পর্যায়ে বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এমনটি বলেননি এবং তিনি স্পিকারের ‘শেল্টার’ বা আশ্রয় চাইছেন। এমনকি তিনি তার বক্তব্য প্রত্যাহার করার ঘোষণা দিলেও বিরোধী দলের হট্টগোল থামেনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বারবার সদস্যদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এটা তো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছেমতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।’ স্পিকার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে বক্তব্যের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেও হট্টগোল অব্যাহত থাকে।

পরবর্তীতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছতাচ্ছিল্য করছেন সবাইকে। উনি নিজেকে কী মনে করেন, আমি বুঝতে পারি না।’ শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ হিসেবে অভিহিত করে তাঁর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গভীর দুঃখ প্রকাশ করে জানান যে তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সংসদ সদস্যদের অসহিষ্ণুতা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সে জন্য সংসদের প্রত্যেক সদস্যের দায়িত্ব এখানে রয়েছে।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা করে অসংসদীয় কিছু থাকলে তা এক্সপাঞ্জ করার বিষয়টি নিশ্চিত করেন।