জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর বা শোকজ নোটিশ জারি করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে অভিযোগ করা হয়েছে যে, গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।

