দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, এই দুই মন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, 'তাঁরা যদি পদত্যাগ না করেন, তাহলে দেশের সর্বত্র আমরা মিছিল করব। সেই মিছিল নিয়ে আমরা জনাব তারেক রহমানকে ঘেরাও করে আমাদের দাবি আদায় করে ছাড়ব, ইনশা আল্লাহ।'
সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের কারণে জনজীবন নাজেহাল। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেয়ে সংবিধান সংশোধনের কাজে বেশি ব্যস্ত। চলমান নৈরাজ্য ও গুম-খুনের দায় নিয়ে তাঁকে পদত্যাগ করতে হবে। একইভাবে জ্বালানিমন্ত্রীর ব্যর্থতার কারণে তাঁকেও পদত্যাগের দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ। তিনি আরও বলেন, 'কীভাবে দেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব কায়েম করা হবে, সেই পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।' একই সঙ্গে তিনি আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বলেন, তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ বর্তমান সরকার স্বৈরাচার মোকাবিলায় সক্ষম নয়।
সীমান্তে হত্যা, পাহাড়ে অশান্তি এবং ভারতের সঙ্গে অবৈধ করিডর তৈরির চেষ্টার প্রতিবাদ জানান নাহিদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নতুন করে করা না হলে জনগণ আবারও রাজপথে নামবে।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, কলকাতায় এলপিজির দাম এক হাজার টাকা হলেও বাংলাদেশে তা ২৫০০ টাকায় কিনতে হচ্ছে। তিনি জ্বালানিমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করেন। এছাড়াও সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে এ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। বিকেল ৪টা ১০ মিনিটে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

