বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকার জুলাই আন্দোলন ও জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। একই সঙ্গে গণভোট নিয়ে সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে বলেও তিনি মন্তব্য করেন। বুধবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলনের কোনো মূল্য নেই এবং তারা আহত ও শহীদ পরিবারের প্রতি উদাসীন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে আরেকটি জুলাই আসন্ন।’ গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জামায়াত আমির জুলাইয়ের আন্দোলনকারীদের জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের নিয়ে যেকোনো ধরনের রাজনৈতিক খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, এখনো বহু আন্দোলনকারী ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে শয্যাশায়ী অবস্থায় কষ্ট পাচ্ছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের প্রতি যথাযথ নজর দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ডে বিশ্বাস করি না। দিনমজুর থেকে শুরু করে দেশের সব নাগরিকই এই আন্দোলনের অংশীদার।’
শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতিকে অনেক আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেসব আশার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এসব প্রতিশ্রুতি কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে, যা সংসদেও স্বীকার করা হয়েছে। এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন শুধু আপনারা (বিএনপি) জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকারের আচরণ ফ্যাসিবাদী বলেই তাদের ফ্যাসিবাদ বলা হচ্ছে। এই আচরণ পরিহার করলে জনগণ তাদের ফুল দিয়ে বরণ করে নেবে। অন্যথায় জনগণের রায় মেনে না নিলে বাংলাদেশের মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ বরদাশত করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

