গ্রেফতার হলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে এসআরবি তাকে গ্রেফতার করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয়।

এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন। সেসময় আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কায় এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণীকরণের স্বার্থে আদালত এই আদেশ দেন। এছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।