তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। উচ্চকক্ষ গঠিত হলে তার কাঠামো ব্যবহার করে কীভাবে কেয়ারটেকার সরকার গঠন করা যায়, বৈঠকে সে বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেছেন। শনিবার জাতীয় সংসদ ভবনে আইনবিদ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানে যদি উচ্চকক্ষ গঠনের বিধান রাখা হয় এবং সংসদের মেয়াদের সঙ্গে সেটি বিলুপ্ত না হয়, তবে সেই উচ্চকক্ষের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কিনা—তা নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাব তৈরি করা হচ্ছে যাতে উচ্চকক্ষ বহাল থাকা অবস্থায় তার মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার কাঠামো নিশ্চিত করা যায়।
তিনি আরও উল্লেখ করেন, উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা হলে তাকেই সেই কক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার একটি প্রস্তাব এসেছে। এছাড়া বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একজন নিরপেক্ষ স্পিকার মনোনীত করার সুযোগ রাখা যেতে পারে। ওই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা এবং অন্যান্য প্রধান প্রতিষ্ঠান থেকে বাদ পড়া ব্যক্তিদের সরকার ও বিরোধীদের সম্মতিতে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিধান রাখার বিষয়েও কথা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ প্রায় ৪৪ জন বিশেষজ্ঞ অংশ নেন। বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

