জামায়াতকে যে ৫ পরামর্শ দিয়ে গেছেন প্রয়াত ব্যারিস্টার রাজ্জাক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাক তাঁর লেখা ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ে দলটির ভবিষ্যৎ ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে গভীর মূল্যায়ন করেছেন। ২০২৫ সালের ৪ মে প্রয়াত হওয়ার আগে প্রকাশিত এই বইয়ে তিনি স্পষ্ট করেছেন যে, জামায়াত যদি আধুনিক রাজনৈতিক ধারায় প্রাসঙ্গিক থাকতে চায়, তবে তাদের অবশ্যই সংস্কার ও আধুনিকায়নের পথে হাঁটতে হবে। বইটি গত মাসে প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

বইটির শেষাংশে ‘জামায়াতের সামনে এগোনোর পথ’ অধ্যায়ে তিনি লিখেছেন, ১৯৭১ সালের ছায়া এখনো দলটির ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। স্বাধীনতা আন্দোলনের প্রতি দলটির তীব্র বিরোধিতা এবং সেই সময়ের কর্মকাণ্ডের জন্য আন্তরিক ক্ষমা না চাওয়ার বিষয়টি জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভের জন্ম দিয়েছে। ব্যারিস্টার রাজ্জাকের মতে, প্রকৃত দায় স্বীকার ও আত্মোপলব্ধি ছাড়া দলটির রাজনৈতিক পুনরুত্থান কঠিন, কারণ জনমনে এই ইতিহাস নিয়ে গভীর আবেগ ও স্পর্শকাতরতা রয়েছে। তিনি মন্তব্য করেছেন, অতীতের মুখোমুখি হতে জামায়াতের অনীহা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে দলটির ভুল উপলব্ধিরই প্রতিফলন।

সাংগঠনিক অনমনীয়তা ও রক্ষণশীল নেতৃত্বের কারণে জামায়াত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও তিনি পর্যবেক্ষণ রেখেছেন। আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের প্রত্যাশা ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দলটির নেতৃত্বকাঠামো ঢেলে সাজানোর ওপর তিনি জোর দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া পরবর্তী সময়েও দলটি নিজেদের ভাবমূর্তি ও জনসমর্থন বাড়াতে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। এছাড়া, রাষ্ট্রীয় দমন-পীড়ন বা আইনি চ্যালেঞ্জের মুখে দলটি প্রায়ই নিজেদের নিপীড়নের শিকার হিসেবে উপস্থাপনের যে বয়ান দেয়, তা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেও তিনি বইয়ে উল্লেখ করেছেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জামায়াতের অংশগ্রহণ থাকলেও, দলটি সেই সুযোগকে অর্থবহ রাজনৈতিক পুঁজিতে রূপান্তর করতে পারেনি। ব্যারিস্টার রাজ্জাকের মতে, পুরোনো কৌশল, অভ্যন্তরীণ সংহতির অভাব এবং ভবিষ্যৎ সম্পর্কে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গির অভাবেই দলটি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। ১৯৮৬ সালে দলে যোগ দেওয়া এবং ২০০৩ সালে সহকারী সেক্রেটারি জেনারেল হওয়া ব্যারিস্টার রাজ্জাক ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা না চাওয়ার ইস্যুতে দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

জামায়াতে ইসলামীর সামনে এখন একটি সন্ধিক্ষণ উল্লেখ করে তিনি দলটিকে পাঁচটি মৌলিক পরামর্শ দিয়েছেন:

১. অতীতের মুখোমুখি হওয়া: ১৯৭১ সালে নিজেদের ভূমিকার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং প্রকৃত জবাবদিহির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

২. নেতৃত্বের আধুনিকায়ন: তরুণ ও সংস্কারপন্থী ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা, যাঁরা বর্তমান সময়ের ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম।

৩. রাজনৈতিক কর্মসূচির বৈচিত্র্য আনা: আদর্শগত অনমনীয়তার বাইরে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া।

৪. তরুণদের সম্পৃক্ত করা: বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে বিবেচিত তরুণদের আকৃষ্ট করে, এমন বয়ান ও রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা।

৫. আস্থা পুনর্গঠন: নাগরিক সমাজের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং জাতীয় চ্যালেঞ্জগুলো নিয়ে উন্মুক্ত ও গঠনমূলক সংলাপে অংশ নেওয়া।

ব্যারিস্টার রাজ্জাকের মতে, জামায়াত যদি এই আত্মসমালোচনা ও অতীতের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া এড়িয়ে যেতে থাকে, তাহলে দলটি ভবিষ্যতে আরও বেশি প্রান্তিক ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।