শহীদ আবু সাঈদ ভয় জয়ের এক অনন্য প্রতীক: তারেক রহমান

২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন প্রাণ হারান। বিশেষ করে রংপুরে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া আবু সাঈদের সেই অমলিন দৃশ্যটি কেবল একটি মুহূর্ত ছিল না; এটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। তার এই আত্মত্যাগের দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল, যা কোটা সংস্কারের দাবিকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রূপান্তরিত করে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

তারেক রহমান বলেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। রাষ্ট্রীয় নিপীড়ন ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতার প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। তিনি বলেন, জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান দেড় দশক ধরে চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ ছিল। সেই সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নতুন করে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে শহীদ আবু সাঈদ ও শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সব শহীদের মাগফিরাত কামনা করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বর্তমান সরকারের জন্য ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। রাষ্ট্র ও সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের পথ ধরেই দেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সব নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিশেষে, প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।