সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মানা হবে না: এবি পার্টি

সাইবার আইনের দোহাই দিয়ে দেশের নাগরিকদের কণ্ঠরোধ করার যেকোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ইমোজি ব্যবহার, রাজনৈতিক সমালোচনা কিংবা সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলাকে সাইবার অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ রেখে কোনো আইন প্রণয়ন করা যাবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি লইয়ার্স আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যারিস্টার ফুয়াদ বিগত সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ভুলের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একই পথে না হাঁটার আহ্বান জানান। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করা সাইবার অধ্যাদেশের ইতিবাচক দিকগুলো বাদ দিয়ে কেন নতুন করে কাটছাঁট করা হচ্ছে, তা সরকারকে স্পষ্ট করতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে গৃহিণী, শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেককেই গ্রেফতার হতে হয়েছে। গাজীপুরে ‘ভূতুড়ে বিল’ সংক্রান্ত বক্তব্যের কারণে এক শিক্ষার্থীকে গ্রেফতারের উদাহরণ টেনে তিনি বলেন, যদিও আমরা ওই শিক্ষার্থীর বক্তব্যের সঙ্গে একমত নই, তবুও তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং তার ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনার সমালোচনা করে তিনি বলেন, সালমানকে সাইজ করার কোনো হাতিয়ার নেই বলেই কি এই সাইবার আইন তৈরির তোড়জোড় চলছে—এমন ধারণা যেন সাধারণ মানুষের মনে দানা না বাঁধে।

সভায় ফুয়াদ আরও কিছু প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, সাধারণ নাগরিকরা বিএনপির সমালোচনা করতে পারবেন কি না, কিংবা সন্ত্রাসকে সন্ত্রাস বললে তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে কি না। এমনকি পুলিশ আসামি ছেড়ে দিয়েছে—এমন সত্য কথা বললেও পুলিশের মানহানি হবে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই আপনারা সফল হন। কিন্তু আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, সেই সক্ষমতা আপনাদের নেই।’

মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে অনলাইন প্রতারণা, তথ্য চুরি, হ্যাকিং, ম্যালওয়্যার, সাইবার হয়রানি এবং শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বাস্তব হুমকিগুলো মোকাবিলায় একটি কার্যকর ও শক্তিশালী সাইবার আইনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে সাইবার অপরাধ দমনের আড়ালে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক ভিন্নমত দমনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অ্যাডভোকেট আবু হানিফা, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং ব্যারিস্টার ইর্তিকা উদ্দিন।

এই মতবিনিময় সভা থেকে সাইবার আইন চূড়ান্ত করার আগে সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করে এবি পার্টি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—আইন প্রণয়নের আগে ব্যাপক ও অর্থবহ জনপরামর্শ নিশ্চিত করা; গুজব, ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী—এমন অস্পষ্ট শব্দের অপব্যবহার বন্ধ করা; যেকোনো কনটেন্ট বন্ধ বা অপসারণের ক্ষেত্রে আদালতের অনুমোদন ও বিচারিক পর্যালোচনার ব্যবস্থা রাখা; সরকারের সমালোচনা, ভিন্নমত, সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্য প্রকাশকে সাইবার অপরাধের আওতামুক্ত রাখা এবং সর্বোপরি নাগরিকদের ডিজিটাল অধিকার সুরক্ষায় একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা।