রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই স্থানে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।