খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কুমিল্লায় যুবক আটক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুমিল্লায় নাজমুল হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা হারিজ মিয়ার ছেলে। 'নাজমুল ইবনে হারিজ' নামের একটি ফেসবুক আইডি থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানের বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজমুল হাসানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ফেসবুকে ওই আপত্তিকর মন্তব্য করার কথা স্বীকার করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানও।