অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারেলানে অবস্থিত আল নূর ইসলামিক কবরস্থানে একাধিক কবরের হেডস্টোন ও স্মৃতিচিহ্ন ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর বিষয়টি নজরে আসার পর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ঘটনার উদ্দেশ্য বা এটি কোনো ইসলামবিদ্বেষী হামলা কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেনি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন (এলএমএ)। সংগঠনটির সেক্রেটারি গামেল খেইর বলেন, কবরের ওপর হামলা অত্যন্ত বেদনাদায়ক। তিনি জোর দিয়ে বলেন যে, জীবিত মানুষের পাশাপাশি মৃতদের মর্যাদাও রক্ষা করা জরুরি। এ ধরনের ঘটনা সমাজে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। অ্যাসোসিয়েশনের বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত কবরগুলোর মধ্যে মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি ও সন্তানদের কবর রয়েছে, যারা সবাই মুসলিম অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। মৃত্যুর পরও তাঁরা অন্য যেকোনো অস্ট্রেলিয়ান নাগরিকের মতোই সম্মান পাওয়ার দাবিদার।
সংগঠনটি আরও জানিয়েছে, কবর ভাঙচুরের ফলে স্বজনরা প্রিয়জনের সমাধিতে গিয়ে গভীর মানসিক কষ্টের সম্মুখীন হচ্ছেন। লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন জানিয়েছে, অতীতে একই কবরস্থানে মুসলিম কবরের ওপর শূকরের মাথা ও অবশিষ্টাংশ নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে বর্তমান ভাঙচুরের সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত নয়। এটিকে মুসলমানদের প্রতি বিদ্বেষের একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবং এনএসডব্লিউ পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত কবরগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে এবং কবরস্থানে নিরাপত্তা জোরদারের কাজ চলছে। ভবিষ্যতে নজরদারি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে মাল্টিকালচারালিজম বিষয়ক মন্ত্রী স্টিভ ক্যাম্পার ও মাল্টিকালচারাল এনএসডব্লিউ-এর সহযোগিতার জন্য লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলস (এএফআইসি) এই ঘটনার নিন্দা জানিয়ে ধর্মীয় বিদ্বেষ, বর্ণবাদ ও ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

