চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে নতুন নিষেধাজ্ঞা ও শুল্কসংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। আইনটি চূড়ান্তভাবে কার্যকর হওয়ার পর রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা পাবেন ট্রাম্প। এর আওতায় চীন ও ভারতও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়। এর আগে গত মাসে মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে অনুমোদিত হয়েছিল। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে এতে।

প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্যতম উদ্যোক্তায় তৈরি এই বিলটি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর চাপ বাড়াতে কংগ্রেসে পুনরায় গতি পায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে এই বিল পাসের প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তবে বিলটি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে মতভেদ রয়েছে। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিক্সসহ কয়েকজন আইনপ্রণেতা প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার ফলে এর প্রয়োগের পরিধি অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বর্তমানে ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই বিলটি আইনে পরিণত হলেই কেবল সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা কার্যকর হবে।