পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একদল পুলিশ সদস্যের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সংঘটিত এই হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আরও ১২ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানিয়েছেন, কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশের দলটি গামবাত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যাওয়ার পথে হামলার শিকার হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, পাহাড়ের ওপর অবস্থান নেওয়া হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এতে পুলিশের পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার তীব্রতা এতই বেশি ছিল যে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি মোতায়েন করা হয় এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ার রয়েছেন। ঘটনার পর জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে, এই সন্ত্রাসী হামলার ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।

