বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ২ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে 'কালচারাল ফ্যাসিস্ট' হিসেবে চিহ্নিত করে কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
গত রোববার (২৬ জুলাই) পৃথকভাবে ২টি অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম। এ বিষয়ে জানতে চাওয়া হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি অভিযোগগুলো এখনো বিস্তারিত পড়ে দেখেননি। একটি অভিযোগ দিয়েছে আজাদ পার্টি এবং অন্যটি দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম।
চিফ প্রসিকিউটর আরও জানান, সাধারণত কোনো অভিযোগ তাঁদের কাছে আসলে তা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই অভিযোগগুলোর ক্ষেত্রেও তাঁর কাছে উপস্থাপিত হলে তিনি তা তদন্ত সংস্থায় পাঠিয়ে দেবেন। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে উল্লেখ করেন।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজনের ভূমিকা যেন আইনানুগভাবে তদন্ত করা হয়।
এই অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের যাদের নাম জড়ানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল ও শান্তা ফারজানাসহ বেশ কয়েকজন।

