পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের, অর্থনীতি ধসের বড় শঙ্কা

দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প খাতে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলন প্রশমিত হচ্ছে না। সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন ও আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পরও শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনের মুখে নিরাপত্তা সংকট তৈরি হলে শ্রম আইন অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌথ ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। কারখানা বন্ধ হলে দেশের সার্বিক অর্থনীতি ধসে পড়তে পারে এবং রাষ্ট্রীয় অস্তিত্ব সংকটে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে প্রায় ২০০ কারখানা মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ মতবিনিময় সভায় শনিবার শিল্প সচল রাখা ও বন্ধের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকায় যেসকল কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, সেগুলোতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুসরণ করে বন্ধ রাখা ছাড়া উপায় থাকছে না। এই ধারায় কারখানা বন্ধ থাকলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির কারণে শ্রমিকরা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

বিজিএমইএ সভাপতির দেওয়া তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। এ ছাড়া অসন্তোষ ও বিশৃঙ্খলার মুখে উৎপাদন চালাতে না পেরে আরও ৯২টি কারখানায় ছুটি বা উৎপাদন স্থগিত রাখতে হয়। সবমিলে ১৪৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে, যা প্রতি কারখানায় গড়ে দুই হাজার হিসেবে প্রায় তিন লাখ শ্রমিকের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিজিএমইএ প্রধান অভিযোগ করেন, সিংহভাগ শ্রমিক কাজ করতে চাইলেও একটি বিশেষ মহল উসকানি দিয়ে কারখানা ফটকে ইটপাটকেল নিক্ষেপ ও কর্মীদের জোর করে বের করে আনছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের উসকানিতে না পা দিতে আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন এবং শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের প্রতিনিধিরা এক যৌথ বার্তায় জানান, শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা সমস্যার স্থায়ী সমাধান নয়। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে ক্ষোভ আরও বাড়তে পারে। তারা নিম্নতম মজুরি বোর্ডকে আলোচনার জন্য সময় দিয়ে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানান। আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মালিকপক্ষ তাদের নিজস্ব প্রস্তাব পেশ করবে। এর আগের বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন।

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, নরসিংহপুর, জামগড়া ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার সকাল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আন্দোলনরতদের মধ্য থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিন মাস আগেই মজুরি ঘিরে অসন্তোষের আশঙ্কার তথ্য থাকলেও সময়মতো কার্যকর পরিকল্পনা নেওয়া হয়নি। উপরন্তু, আন্দোলনের নামে উসকানির অভিযোগে গণহারে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করায় তারা চরম ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হন ও বেতন-ভাতা দিতে সমস্যায় পড়েন; যা পরবর্তীতে যাচাই বাছাই শেষে কিছু হিসাব সচল করা হয়। আশির দশকে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা থেকে শিল্প স্থানান্তরিত হয়ে বাংলাদেশে পোশাক খাতের শক্ত ভিত্তি তৈরি হয়েছিল। বর্তমানে অব্যাহত অস্থিরতার সুযোগে খাতটি ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ায় স্থানান্তরের চক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

পোশাক খাতে দীর্ঘমেয়াদে উৎপাদন বন্ধ থাকলে তৈরি পোশাকের বৈশ্বিক ক্রেতারা বিকল্প দেশে চলে যেতে পারেন, যার ফলে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রার সরবরাহে ধস নামবে। এতে ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়বে এবং শ্রমিকের জীবনযাত্রায় বড় বিপর্যয় আসবে। ইতোমধ্যে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামলাতে সরকার তিন মাসের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বিশেষ ওএমএস চালু করেছে, যার আওতায় নিবন্ধিত শ্রমিকরা প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারছেন।