তুরস্কের আনতালিয়ার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের পরিধি বাড়ানো এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান কপ৩১-এ অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য দেশে যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া দুই নেতা কৃষি খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, এই সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপের বিষয়টিও তিনি বৈঠকে তুলে ধরেন।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী একে অপরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান। অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা ব্যক্ত করেন।

