নোবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ: ৪৮ শহীদের স্মরণে ৪৮ নিমগাছ

‘বৃক্ষে বৃক্ষে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আব্দুস সালাম হলের সামনে চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিএনপির পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি উৎসর্গ করা হয়েছে।

নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোট ৪৮টি নিমগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের যে ৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের নামে একটি করে গাছ উৎসর্গ করা হবে। প্রতিটি গাছের সঙ্গে সংশ্লিষ্ট শহীদের নাম, ছবি, পদবি এবং কখন ও কোথায় তিনি শহীদ হয়েছেন—এসব তথ্য সংযুক্ত থাকবে। এর মাধ্যমে বৃক্ষগুলোর সঙ্গে শহীদদের স্মৃতি জড়িয়ে থাকবে এবং ক্যাম্পাসে তাদের স্মৃতি দীর্ঘদিন অম্লান থাকবে।

জাহিদ হাসান আরও জানান, উদ্বোধনী দিনে পাঁচটি নিমগাছের চারা রোপণ করা হয়েছে। অবশিষ্ট ৪৩টি চারা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে উপযুক্ত সময়ে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে এসব চারা রোপণ করা হবে।