ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। রবিবার সকালে আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাদের মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা কতটা গুরুতর হয়েছে, সে বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন।
এই শুনানিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। এছাড়া, আওয়ামীপন্থী আইনজীবীদের মামলা ছাড়া অন্য কাউকে ট্রাইব্যুনালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। সেই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ১৬ সেপ্টেম্বর প্রসিকিউশন ওই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে। প্রসিকিউশন সে সময় জানিয়েছিল, আইনজীবী হিসেবে ওই দুই ব্যক্তির মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। সেদিন তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও বেশ কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

