কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে হোটেলটিতে আগুন লাগার ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জনের প্রাণহানি ঘটে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকায় অবস্থিত নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে শনিবার তিনি বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিউ মার্কেট এলাকায় হোটেলগুলোর নিরাপত্তা ও বৈধতা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকার ১১টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।