সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মোট ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির প্রতিবেদন জমার জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত দিন থাকলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) তা দাখিল করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন এই সময়সীমা নির্ধারণ করেন। মামলাটি দায়েরের প্রক্রিয়ার সূত্রপাত হয় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর, যখন ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ তৎকালীন মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালতে নালিশি আবেদন করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন এবং দুদককে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিলেন।
মামলার এজাহারে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ১২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পরিচালক হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি এস আলম ও আবদুল ওয়াহেদের সঙ্গে যোগসাজশে নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ ও চেয়ারম্যান মিস মিরফাত আরা বেগমসহ ব্যাংকের বিভিন্ন পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগে বলা হয়, আসামিদের নিয়ন্ত্রণে থাকা ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড ইসলামী ব্যাংকের ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করে, যা ব্যাংকটির মোট শেয়ারের ৪ দশমিক ৮১৬০ শতাংশ। এসব শেয়ারের বাজারমূল্য ২৫১ কোটি টাকা। অথচ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা হলেও পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা। এত কম মূলধনের একটি প্রতিষ্ঠানের পক্ষে ২৫১ কোটি টাকার শেয়ার কেনা আর্থিক সক্ষমতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে, যার নেপথ্যে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা বিদ্যমান। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া এবং অর্থের উৎস বিশ্লেষণ করে দেখা যায়, ক্রয়-বিক্রয়ের তারিখ উভয় পক্ষের ক্ষেত্রে একই ছিল, যা পূর্বপরিকল্পিত ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। এতে ক্ষমতার অপব্যবহার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাদে মামলার অন্য সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

