২০২৪ সালের আগস্টে ভারতপন্থি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমানে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আমলেও এই কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকেই বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে আইনি জটিলতার অজুহাত দেখিয়ে ভারত হাসিনাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে। বিভিন্ন অপ্রমাণিত তথ্যে উঠে এসেছে যে, নয়াদিল্লি চায় অনুপস্থিতিতে হওয়া বিচারের রায়ের বিরুদ্ধে হাসিনাকে আইনি লড়াই ও আপিলের সুযোগ দিক ঢাকা, কারণ বিচার চলাকালে তিনি কোনো আইনি সহায়তা পাননি। পাশাপাশি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও ভারতের পক্ষ থেকে প্রত্যাশা রয়েছে বলে জানা যায়।
তবে এই বিচার ও রায় পরিবর্তন করার কোনো সুযোগ ঢাকায় নেই। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বাধীন বিরোধীরা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দলগুলো আওয়ামী লীগকে ভারতের ফ্যাসিবাদী দোসর হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে ভারতের রাজনীতিকদের বিভিন্ন মন্তব্য দুই দেশের সম্পর্কে বাড়তি উত্তাপ তৈরি করেছে। ভারতীয় রাজনীতিকদের দাবি, বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলিম ভারতে অবৈধভাবে প্রবেশ করে সীমান্তবর্তী রাজ্যগুলোর জনতাত্ত্বিক চিত্র বদলে দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দ্বারা নিগৃহীত হচ্ছে বলেও তারা অভিযোগ করে আসছেন।
অন্যদিক থেকে ভারতের পর্যবেক্ষকরা অভিযোগ করছেন, বাংলাদেশ ঐতিহ্যগত ঘনিষ্ঠতা শিথিল করে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, চীন ও তুরস্কের দিকে ঝুঁকছে। এমনকি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে সংযোগকারী কৌশলগত শিলিগুড়ি করিডোর সামরিকভাবে বিচ্ছিন্ন করার পরিকল্পনাও বাংলাদেশ করছে বলে কিছু অভিযোগ তোলা হয়েছে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। ঢাকার দাবি, ভারতকে অবৈধ অভিবাসনের প্রধান উৎস হিসেবে বাংলাদেশকে অন্যায্যভাবে তুলে ধরা হচ্ছে এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নির্বাচনী স্বার্থে বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলিমদের জোরপূর্বক সীমান্ত ঠেলে দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতের বাণিজ্যিক বিধিনিষেধের কারণে সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার অভিযোগও তুলেছেন বাংলাদেশিরা।
উভয় দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লির আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও ভারত সফরে যাননি। উল্টো তিনি এ অঞ্চলের ভারতের ভৌগোলিক প্রতিদ্বন্দ্বী চীন ও তুরস্ক সফর করেছেন। কয়েক মাস আগে শেখ হাসিনা বড় ধরনের চমক দিয়ে ডিসেম্বরে দেশে ফিরে পরিণতি মোকাবিলার কথা ঘোষণা দিয়েছিলেন। নয়াদিল্লি তাকে ভারতে ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত থাকলেও শর্ত হিসেবে চেয়েছে যেন ঢাকা তাকে ভ্রমণ নথি দেয় এবং পরিবহনের ব্যবস্থা করে। তবে বাংলাদেশ একে অপরাধীর প্রত্যর্পণ প্রক্রিয়া হিসেবে দেখার কথা জানিয়ে ঢাকার তরফে পরিবহন সুবিধা দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি একান্তে বৈঠকে বসে এসব সংকট সমাধানের চেষ্টা করলেও সেই আলোচনা সফল হয়নি।
রাজনৈতিক ও কূটনৈতিক এই টানা পোড়েনের মধ্যেই দুই দেশের সামনে একটি বড় দ্বিপক্ষীয় ইস্যু জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি। আগামী ১২ই ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের আগেই চুক্তিটি নবায়ন বা নতুন শর্তে পুনর্বিবেচনার তাগিদ রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের পানির বাড়তি চাহিদা এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার কারণে পানি বণ্টনের বিষয়টি এখন বহুমাত্রিক জটিলতায় রূপ নিয়েছে।
এই চুক্তির পটভূমি ঐতিহাসিক। গঙ্গা নদীর পানি ফারাক্কা ব্যারেজের মাধ্যমে হুগলি নদীতে সরিয়ে নিয়ে কলকাতা বন্দরের নৌচলাচল বজায় রাখার উদ্যোগ নিয়েছিল ভারত। শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশ এর জোরালো বিরোধিতা শুরু করে। ১৯৭৬ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার অভিযোগ তোলা হয়। পরবর্তীতে বেশ কিছু সাময়িক চুক্তির পর ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন।
১৯৯৬ সালের চুক্তিতে প্রতি বছর ১লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির পরিমাণের ওপর ভিত্তি করে অনুপাত নির্ধারণ করা হয়। ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে উভয় দেশ ৫০ শতাংশ করে পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেক হলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পাবে এবং বাকিটা পাবে ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্টাংশ পাবে বাংলাদেশ। অত্যন্ত শুষ্ক পরিস্থিতিতে উভয় দেশ অন্তত ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছিল। তবে এই চুক্তির হিসাব প্রস্তুত করা হয়েছিল ১৯৪৯ থেকে ১৯৮৮ সালের প্রাচীন জলবিজ্ঞানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে, যা বর্তমান সময়ে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।
তিন দশক পার হওয়ার পর গঙ্গা নদীর স্বাভাবিক রূপ এবং কৃষি ও শিল্পের চাহিদা অনেক বদলে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে খরা, অনিয়মিত বৃষ্টি ও হঠাৎ বন্যার প্রকোপ বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঢাকার পক্ষ থেকে আরও নিশ্চিত ও পূর্বানুমানযোগ্য চুক্তি দাবি করা হচ্ছে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে নূন্যতম ৪০ হাজার কিউসেক পানি নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক কাঠামো তৈরি এবং বন্যার আগাম তথ্য আদান-প্রদান জোরদার করতে চায় বাংলাদেশ।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে। দিল্লির পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য দুটি গঙ্গার পানির ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। কলকাতা বন্দর সচল রাখতে পশ্চিমবঙ্গের সারা বছর পানির প্রয়োজন, অন্যদিকে বিহারের দাবি— ফারাক্কা ব্যারেজের কারণে নদীতে পলি জমে পানীয় জল, সেচ ব্যবস্থা ও স্থানীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনৈতিক অবস্থান থাকায় নয়াদিল্লির পক্ষে এই দুই রাজ্যের দাবি পুরোপুরি উপেক্ষা করা কঠিন। এই অবস্থায় বিশেষজ্ঞরা কেবল ফারাক্কা বা দুই দেশের সীমাবদ্ধ বিতর্কের পরিবর্তে পুরো গঙ্গা অববাহিকাভিত্তিক একটি নমনীয় ও আধুনিক বৈজ্ঞানিক পর্যালোচনার পরামর্শ দিচ্ছেন।
পানি সংরক্ষণ, নদী পুনরুদ্ধার, পলি ব্যবস্থাপনা এবং অববাহিকাভিত্তিক সহযোগিতার ভিত্তিতে স্বল্পমেয়াদি ও পরিবর্তনযোগ্য চুক্তি করার পক্ষপাতী গবেষকরা, যাতে দীর্ঘ ৩০ বছরের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলায় আটকে থাকতে না হয়। কারিগরি পর্যায়ে যৌথ নদী কমিশন (জেআরসি) ও যৌথ কমিটির মাধ্যমে আলোচনা চলছে। ২০২৬ সালের মে মাসে কলকাতায় অনুষ্ঠিত জেআরসি বৈঠকেই ডিসেম্বরের শেষসীমার আগে দুই দেশের মধ্যে সর্বশেষ বড় ধরনের কারিগরি আলোচনা হয়েছিল, যদিও তখন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। দ্বিপক্ষীয় বিষাক্ত রাজনৈতিক পরিবেশ দূর করা সম্ভব হলে এই সময়সীমা দুই দেশের জন্য নতুন ও বৈজ্ঞানিক পানি বণ্টন কাঠামো তৈরির সুযোগ এনে দিতে পারে।
উল্লেখ্য, নিবন্ধটির মূল লেখক একজন জ্যেষ্ঠ ভারতীয় সাংবাদিক, যিনি দীর্ঘ ২১ বছর ধরে দক্ষিণ এশীয় ভূরাজনীতি নিয়ে কাজ করছেন এবং বর্তমানে শ্রীলঙ্কাভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত। প্রতিবেদনটি ইউরেশিয়া রিভিউ থেকে অনূদিত।

