ইসলামি ইতিহাসচর্চার বিবর্তন: সত্যনিষ্ঠা থেকে সমালোচনা পর্যন্ত

ইসলামে ইতিহাসচর্চার যাত্রা শুরু হয়েছিল মূলত নবী করিম (সা.)-এর জীবনচরিত ও তাঁর যুদ্ধাভিযান অধ্যয়নের মাধ্যমে। সাহাবায়ে কেরাম (রা.) নিজেরা রাসুল (সা.)-এর গাজওয়া ও সিরাহ নিয়ে আলোচনা করতেন এবং সন্তানদেরও তা অধ্যয়নে উৎসাহ দিতেন। পরবর্তীতে সাহাবা, তাবেয়িন ও তাবে-তাবেয়িনরা ঐতিহাসিক ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করায় মনোযোগী হন, যাতে হাদিসের সনদ সংরক্ষণে কোনো বিচ্যুতি না ঘটে। এর পাশাপাশি ইসলামপূর্ব যুগের ঘটনাবলি, বিভিন্ন জাতির পুরোনো কাহিনি, বংশগতি ও পূর্বসূরিদের ইতিহাস সংরক্ষণেও তাঁরা বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

সূচনালগ্নে ইসলামি ইতিহাসচর্চা হাদিসশাস্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মুসলিম সমাজে ইতিহাস গবেষণার পথিকৃৎ হিসেবে হাদিসশাস্ত্রের পণ্ডিতদের গণ্য করা হয়। তাঁদের মধ্যে আবান ইবনে ওসমান ইবনে আফফান (রা.), যিনি খলিফা উসমান (রা.)-এর ছেলে এবং উরওয়া ইবনে জুবায়ের (রা.), যিনি নবীজির স্ত্রী উম্মুল মুমিনীন আসমা (রা.)-এর ছেলে, বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামি ইতিহাস বহু ধাপ ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে।

ইতিহাসচর্চার প্রথম পর্যায়টি ছিল সত্যতা ও পূর্ণ স্বাধীনতার যুগ। তখন ইতিহাসবিদরা জনশ্রুতির ওপর নির্ভর করলেও ধর্মীয় পক্ষপাত, রাজনৈতিক প্রভাব বা গোষ্ঠীগত মোহ থেকে মুক্ত থেকে ঘটনাবলি সংরক্ষণ করতেন। তারা কোনো কিছু যোগ বা বাদ না দিয়ে যা পেয়েছেন তা-ই বিশ্বস্তভাবে লিপিবদ্ধ করেছেন, যা নিরপেক্ষতার দিক থেকে ছিল অনন্য।

দ্বিতীয় পর্যায়ে ইতিহাসচর্চা কিছুটা গল্পনির্ভর হয়ে পড়ে, ফলে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ জটিল ও বিভ্রান্তিকর হয়ে ওঠে এবং বিশুদ্ধতা নিয়ে শঙ্কা দেখা দেয়। অনেক তাফসিরকারী কোরআনের ব্যাখ্যার সময় ইহুদি, খ্রিষ্টান, পারস্য ও গ্রিক লোককাহিনির দিকে ঝুঁকে পড়েন। ইসলাম গ্রহণকারী প্রাক্তন ইহুদি ও খ্রিষ্টানদের বর্ণনার মাধ্যমে এসব উপকথা বা ‘ইসরায়েলিয়াত’ ইসলামি বইপত্রে প্রবেশ করে। এই যুগের ইতিহাসবিদরা তথ্যের সত্যতা বা মূল বক্তব্য বিশ্লেষণের চেয়ে বরং তথ্য সংগ্রহ ও সনদ যাচাইয়ের ওপরই বেশি গুরুত্ব দিতেন।

তৃতীয় পর্যায়টি হলো সমালোচনা ও যাচাই-বাছাইয়ের যুগ। এই পর্যায়ে একদল ইতিহাসবিদের আবির্ভাব ঘটে, যারা ইতিহাসের ওপর ইসরায়েলি উপকথার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হন। তারা পূর্ববর্তী সংকলিত তথ্যের সমালোচনামূলক বিশ্লেষণ শুরু করেন এবং ইতিহাসের ধোঁয়াশা দূর করার প্রচেষ্টা চালান। এভাবেই ইসলামি ইতিহাসচর্চা ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার পথে অগ্রসর হয়েছে।