বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্ট’ হিসেবে খারিজ করেছেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। তার পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট ইউনূস আলী। রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়েছিল।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় দল ও সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

