ইমাম হোসাইন (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর প্রাণপ্রিয় নাতি। নবীজির ইন্তেকালের মাত্র ৫০ বছরের ব্যবধানে এক অসম যুদ্ধে তিনি নানাজানের উম্মতের লোকদের হাতে নির্মম ও নিষ্ঠুরভাবে শাহাদত বরণ করেন। এই বিয়োগান্ত হত্যাকাণ্ডের জন্য গোটা মুসলিম উম্মাহ যুগ থেকে যুগান্তরে মর্মাহত ও শোকাবিভূত। বাংলা সাহিত্যের বিশাল অঙ্গনজুড়ে সেই শোক ও মাতমের আহাজারি শোনা যায়। নজরুল কাব্যের ‘নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া’ এখনও কারাবালার বিয়োগান্ত ঘটনার প্রতিধ্বনি শোনায়। মীর মশররফ হোসেনের বিষাদ সিন্ধুর কারবালা প্রতি বছর মহররমে ফিরে আসে ‘কাঁদাতে ফের দুনিয়ায়’।
১০ মুহাররম আমাদের জাতীয় ছুটির দিন। সমগ্র দেশবাসী বিভিন্ন আঙিকে এই দিবস পালন করে। জাতীয় নেতারা সংবাদপত্রে ও মিডিয়ায় বাণী দিয়ে বলেন, ইমাম হোসাইন সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ করেছেন, অসত্যের সামনে মাথা নত করেননি। আমরা বলি, ইসলাম প্রতিষ্ঠার জন্যই তিনি শাহাদাতের নজরানা পেশ করেছিলেন ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। মওলানা মুহাম্মদ আলি জরহরের বলে পরিচিত দুই লাইনের একটি উর্দু কবিতার প্রাণ উদ্দীপক বক্তব্য হলো—‘ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ’। অর্থাৎ, ইসলাম প্রাণ ফিরে পায় প্রতিটি কারবালার পরে।
ইসলামের ইতিহাসে কোনো বিপর্যয় নেই, প্রতিটি বিপর্যয়ের পরেই ইসলামের নতুন প্রাণ শক্তির সঞ্চার হয়েছে, মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ইমাম হোসাইন কোন সত্য ও ন্যায়ের জন্য সপরিবারে শহিদ হয়েছেন কিংবা কোন ধরনের ইসলাম প্রতিষ্ঠার জন্য তাকে শাহাদতের নজরানা পেশ করতে হয়েছিল। তখন তো নামাজ ঠিকমতোই পড়া হতো, রমজানের রোজা সবাই পালন করত, হজও যথানিয়মে অনুষ্ঠিত হতো। মক্কা, মদিনা, কুফা ও দামেস্কে তো প্রচলিত ইসলামের বিরুদ্ধে বড় কোনো কিছু হয়নি। এরপরও ইমাম হোসাইনকে প্রথমে মদিনা ছেড়ে মক্কায়, তারপর কুফার উপকণ্ঠে কারবালায় যেতে হলো কেন? তার দ্বিখণ্ডিত মাথা মোবারক কেন অপমানজনকভাবে দামেস্কে ইবনে জিয়াদের সামনে মাটিতে এবং আবার দামেস্কে এজিদের দরবার হলে রাখা হলো? সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য কিংবা দ্বীন ইসলামকে জীবিত রাখার জন্য ইমাম হোসাইন শহিদ হয়েছেন বলে যারা বয়ান দেন, তারা এ প্রশ্নটি নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন কিনা জানি না।
ইমাম হোসাইন (রা.) ইসলাম, ইসলামি রাষ্ট্র, খেলাফত ও উম্মাহর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, যে বিপদের ঘনঘটা তিনি দেখতে পাচ্ছিলেন, অন্যরা তা দেখতে পাননি। ইমামের সেই উৎকণ্ঠা ছিল খেলাফতের সর্বোচ্চ আসন, উম্মাহর জাতীয় নেতৃত্ব এমন কোনো পাপাচারী, অযোগ্য স্বৈরাচারীর হাতে ন্যস্ত হওয়ার ঝুঁকি, যে আল্লাহ ও রাসুল নির্ধারিত হালালকে হারাম এবং হারামকে হালাল গণ্য করার ব্যাপারে বেপরোয়া ছিল। হক্কা কে বেনায়ে লা ইলাহাস্ত হোসাইন।

