ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি স্পষ্ট করেছেন যে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরো আঞ্চলিক নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি এ কথা জানান। এর আগে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, হুতিদের নিক্ষেপ করা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিসরের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সবসময় সৌদি আরবের পাশে রয়েছে।"
একই সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যুতেও কায়রোর অবস্থান তুলে ধরেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে মিসর। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ায় দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন তিনি।
ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টাকে একটি "লাল রেখা" হিসেবে অভিহিত করে বদর আবদেলাত্তি দৃঢ়ভাবে বলেন, "ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।"

