ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করে সব ক্ষমতা দেওয়া হলো এমডি মনিরুজ্জামানকে

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির যাবতীয় কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব এককভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহা. মনিরুজ্জামানকে প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা-২ থেকে গত ২৬শে অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৪২ (খ) অনুযায়ী বোর্ড অপসারণকালীন সময়ের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের সকল দায়িত্ব সংস্থাটির বর্তমান এমডি (অতিরিক্ত সচিব) ড. মুহা. মনিরুজ্জামানকে দেওয়া হলো। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত ২৫শে আগস্ট ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন এই দায়িত্বে আসার আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।