কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ জন

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লায় এক রাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এই বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানার আওতাধীন এলাকায় যেখানে বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আটককৃতদের পূর্বের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপরই বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং এবং বখাটেদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।