কুমিল্লা সীমান্তে মাদক অভিযানে গিয়ে বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। আটক দুই পুলিশ সদস্যকে বর্তমানে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ই অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নিয়মিত রাতের দায়িত্ব পালন করছিল। একপর্যায়ে টহল দলটি শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের পার্শ্ববর্তী স্থানে মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযানে যায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক চিহ্নিত মাদক কারবারি দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডিউটি পার্টিতে থাকা কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধরতে পিছু ধাওয়া করেন। দৌড়াতে দৌড়াতে সীমান্ত অতিক্রম করলে সেখানে অবস্থানরত একদল ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে ঘিরে ধরে আটক করে।

পরবর্তীতে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিত দেওয়ানকে ভারতীয় নাগরিকদের হাত থেকে ছাড়িয়ে আনতে এগিয়ে যান। তখন তাঁকেও সেখানে আটকে ফেলা হয়। ঘটনা প্রত্যক্ষ করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা এগিয়ে আসেন এবং ওই দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।

ঘটনার বিবরণ দিয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, মূলত চিহ্নিত মাদক কারবারিকে ধাওয়া করে ধরতে গিয়েই অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনার সৃষ্টি হয়েছে। বিএসএফের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ইতিপূর্বে কথা হয়েছে এবং আটক দুই সদস্যকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।