বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে বৃটিশ হোম অফিস একটি নতুন কান্ট্রি গাইডলাইন প্রকাশ করেছে। 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' শিরোনামের এই প্রতিবেদনটি তৈরিতে ২০২৬ সালের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত 'কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম' (CPIT)-এর তিন কর্মকর্তা বাংলাদেশ সফর করেন। তাদের মূল লক্ষ্য ছিল ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং আগস্টের শুরুতে শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করা। এই প্রক্রিয়ায় তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ১৫টি সাক্ষাৎকারে মোট ২৪ জনের মতামত গ্রহণ করেন।
১৪ই অক্টোবর প্রকাশিত ৮৬ পৃষ্ঠার এই রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটি মিশ্র চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময় পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করছেন। তবে দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা এবং সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-সহ অন্যান্য বিরোধী দলগুলো এখন অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড ও সমালোচনা করার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক সহিংসতার মাত্রা হ্রাস পেয়েছে এবং যেটুকু ঘটছে তা মূলত স্থানীয় পর্যায়ের ব্যবসায়িক বা রাজনৈতিক আধিপত্যকেন্দ্রিক। ২০২৬ সালের নির্বাচনটি পূর্ববর্তী সময়ের তুলনায় শান্তিপূর্ণ ছিল বলেও রিপোর্টে উঠে এসেছে।
আওয়ামী লীগের বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, সংগঠন হিসেবে দলটির প্রতি জনগণের তীব্র ক্ষোভ রয়েছে এবং দলটি বর্তমানে নিষিদ্ধ। তৃণমূলের সাধারণ সমর্থকরা স্বাভাবিক জীবনযাপন করলেও প্রকাশ্যে দলটির সমর্থনকারীরা হয়রানির শিকার হতে পারেন। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পুরোনো মামলাগুলো পর্যালোচনার কাজ চলছে। তবে সাবেক সরকারের আমলের কর্মকাণ্ড ও জুলাইয়ের আন্দোলনের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও সাধারণ আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
হোম অফিসের এই প্রতিবেদনটি মূলত যুক্তরাজ্যে আশ্রয় ও অভিবাসন আবেদন মূল্যায়নের জন্য তৈরি করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে স্পষ্ট করা হয়েছে যে, এটি কোনো আশ্রয় আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নয়, বরং সংগৃহীত তথ্যের একটি সংকলন। সাক্ষাৎকারদাতাদের দেওয়া তথ্যের প্রতি হোম অফিসের পূর্ণ সমর্থন আছে এমন নয়, বরং এই তথ্যগুলো অন্যান্য প্রকাশ্য তথ্যের সঙ্গে মিলিয়ে মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

