বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি বগুড়া-নওগাঁ সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

