ভারত বন্ধু হলে হাসিনাকে ফেরত দিক: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হান।

প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’।

সমাবেশে বক্তারা দাবি করেন, ভারতকে যদি বাংলাদেশের বন্ধু হিসেবে গণ্য করতে হয়, তবে হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে সেই প্রমাণ দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারবে না। বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায়।

এর আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনার পর ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের লেখা ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি ছাত্রদল নিজেই মুছে ফেলেছিল। এরপর আওয়ামী লীগবিরোধী এই নতুন বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৯: ১৪আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯: ১৭