প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার দায়ে দণ্ডিত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীদের ভাষ্যমতে, হাইকোর্টের এই আদেশের ফলে বিদিশা সিদ্দিকীর কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা অবশিষ্ট রইল না।

এর আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

ওই মামলায় দণ্ডিত হওয়ার পর বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি কারাবন্দি অবস্থায় হাইকোর্টে জামিনের আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে রোববার আদালত তাকে জামিন প্রদানের এই আদেশ দিলেন।