রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের কবলে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে, এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। রোববার (৩০ আগস্ট) মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন রিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া থেকে ঢাকায় আসা রনজিনা পারভীন ফার্মগেটের একটি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছিলেন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

