ইসরায়েলি নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশসহ ৩১ দেশের এয়ার ফ্রান্স পাইলট

বাংলাদেশসহ মোট ৩১টি দেশের পাইলট ও কেবিন ক্রুদের ওপর ইসরায়েলের দেয়া নিষেধাজ্ঞা কার্যকর করেছে এয়ার ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী, তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলোর নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মীরা ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ কিংবা সেখানে অবতরণ করতে পারবেন না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, সৌদি আরব, ব্রুনাই, কলম্বিয়া, কোমোরোস, উত্তর কোরিয়া, কিউবা, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মৌরিতানিয়া, নিকারাগুয়া, নাইজার, ওমান, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। যেসব ফরাসি কর্মীর এই দেশগুলোর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারাও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মতো যেসব মুসলিম বা আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের কর্মীদের ক্ষেত্রে এই কড়াকড়ি প্রযোজ্য নয়।

এয়ার ফ্রান্সের একটি অভ্যন্তরীণ নোটে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মীদের জানিয়েছে যে, তারা আর ইসরায়েলের ফ্লাইটে দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি সব কর্মীকে তাদের দ্বিতীয় জাতীয়তা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে এবং এই আদেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। গত ১লা অক্টোবর ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। এর পেছনে গত ৩০শে সেপ্টেম্বর দুবাই-তেল আবিব রুটের ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার কথিত চেষ্টার প্রেক্ষাপট রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের চ্যানেল ১৩-এর তথ্যমতে, দেশটির অন্তত একটি বিমান সংস্থা তাদের প্রায় আড়াই হাজার পাইলট ও কেবিন ক্রুর অতীত বৃত্তান্ত যাচাই করছে।

এদিকে জাতীয়তাভিত্তিক এই বৈষম্যমূলক পদক্ষেপের কারণে এয়ার ফ্রান্স ফ্রান্সে তীব্র সমালোচনার মুখে পড়েছে। দেশটির রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা একে ফরাসি শ্রম আইন ও বৈষম্যবিরোধী নীতিমালার পরিপন্থী বলে অভিহিত করেছেন, যা প্রতিষ্ঠানটিকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তবে এয়ার ফ্রান্স আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও জানিয়েছে যে, ফ্লাইট গন্তব্যের নির্ধারিত প্রবেশাধিকার সংক্রান্ত নিয়ম মানতে তারা বাধ্য।