মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবারের মতো রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিবর্তনের অংশ হিসেবেই স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে রাজনৈতিক উপদেষ্টা করা হলো।

এর আগে, মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারে চারজন নতুন মন্ত্রী যুক্ত করেন, যাদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন, যাদের একজন এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে স্বপনকে সরিয়ে দেওয়ার পর তাঁকে যে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে, তা শুক্রবারই জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর পরদিনই আনুষ্ঠানিকভাবে তাঁকে রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে স্বপনের উত্তরসূরি হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।